সংসদ অধিবেশন শুরুর দিন নতুন করে মন্ত্রিসভায় যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তা এখনো স্পষ্ট হয়নি। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ ভবনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এই সংসদ সদস্যের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আহমদ আযম খানকে ভূমি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা গেছে, কারণ প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন।
আহমদ আযম খান টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসিন্দা। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে দুইবারই পরাজিত হন।
