সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ প্রদেশে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন ড্রোন হামলার ঘটনায়। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ্রিল) জানিয়েছে, ফুজাইরাহতে আসা একটি ড্রোনকে প্রতিরোধ ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়। ঠিক তখনই ড্রোনটির ধ্বংসাবশেষ এসে পড়ে এবং এক বাংলাদেশির ওপর আঘাত করে। ওই বাংলাদেশি আল রিফা এলাকার এক ফার্মে কাজ করছিলেন। এখন পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি। ‘ইউএই লেবার্স’ নামে এক সংগঠন জানায়, আল রিফা এলাকায় উড়ে যাওয়ার সময় ড্রোনটি লক্ষ করে এটি ধ্বংস করা হয়। তবে এর ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার ফলে ঘটনাস্থলে একজন বাংলাদেশির মৃত্যু হয়। সংস্থাটির মতে, আমিরাতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ড্রোনটিকে ভূপাতিত করলেও, এর ধ্বংসাবশেষে দুর্ঘটনাটি ঘটেছে। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সঠিক তথ্য পাওয়ার জন্য তারা সরকারি তথ্যের ওপরই নির্ভর করছেন। বর্তমানে ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীরা উপস্থিত আছেন।

