চলমান এপ্রিল মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে, যা আবহাওয়া পরিবর্তনের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আসন্ন এপ্রিলে ঘূর্ণিঝড়ের সঙ্গে দেখা দিতে পারে তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। এছাড়াও, বিভিন্ন দফায় তাপপ্রবাহ দেখা যেতে পারে, যার ফলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে।
অধিদপ্তর আরও জানিয়েছে, এই মাসে সাধারণত স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ মাসে অন্তত ৩ দিন তীব্র কালবৈশাখীসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, পাশাপাশি কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের শিলাবৃষ্টি হতে পারে।
প্রেডিকশনে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ২-৪টি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ হতে পারে, যার তাপমাত্রা ৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে। তদ্ব্যতীত, কিছু জায়গায় ১-২টি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে, যেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর প্রবাহ স্বাভাবিক থাকবে। এছাড়াও, দেশের গড় বাষ্পীভবনের পরিমাণ থাকবে ৩ থেকে ৫ মিঃ মিঃ এবং সূর্য কিরণের গড় দৈনিক মেয়াদ থাকবে ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টার মধ্যে।

