খুলনা বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় খুলনা নগরের খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের বিজয়ী ও রানার‑আপদের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠনের সভাপতিত্ব করেন খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার‑আপ দলের হাতে পুরস্কার তুলে দেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজ। তিনি বিজয়ী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে বলেন, ‘‘খেলাধুলা কেবল বিনোদন নয়; এটা শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং চরিত্র গঠনের অন্যতম মাধ্যম। আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ।’’
সিফাত মেহনাজ আরও বলেন, ‘‘খেলাধলা শৃঙ্খলা, অধ্যবসায় ও দেশভক্তি যেমন জাগায়, তেমনি মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক আচরণ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতেও সহায়ক। বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াঙ্গণের উন্নয়নে কাজ করে যাচ্ছে; নতুন প্রজন্ম যাতে আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে, সেটাই আমাদের লক্ষ্য—তার জন্য স্থানীয় পর্যায়ে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারি পরিচালক মুঃ ফজলে রহমান এবং খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা পিটিআই‑এর সুপারিন্টেন্ডেন্ট মোঃ তোজাম্মেল হোসেন, এডিপিইও মোঃ আমিনুল ইসলাম, থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, বিভিন্ন থানা প্রাথমিক শিক্ষা অফিসার, এলাকার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। তাদের মধ্যে ছিলেন প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, জি এম হুমায়ুন কবির, মুনি হোসেন, সজীব কুমার মাহলী, শাহজাদি রহমান এবং সহকারী শিক্ষক সৈয়দ আনিসুজ্জামান, এস কে জামান, মোস্তাফিজুর রহমান, মুক্তা খানম, হ্যাপি প্রমুখ।
ফুটবল প্ৰতিযোগিতার ফাইনালে বালক বিভাগে যশোরের ঝিকরগাছা উপজেলার বেনিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ৩-০ গোলে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকা বিভাগে শ্যামনগরের পূর্ব মীরগাঙ সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া কর্তৃপক্ষ খেলোয়াড়দের প্রশংসা করে বলেছে যে, এমন আয়োজন স্কুল পর্যায়ে ক্রীড়া চর্চাকে আরও উৎসাহিত করবে এবং প্রতিভাবান শিক্ষার্থীদের সামনে সুযোগ তৈরি করবে। ভবিষ্যতেও তৃতীয় ধাপে মাঠ, প্রশিক্ষণ ও জেলার ক্রীড়া কার্যক্রম সমর্থনে পদক্ষেপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন আয়োজকরা।