সরকার আজ ঘোষণা করেছে যে বিদ্যুতের প্রিপেইড মিটারের ওপর থেকে মাসিক অতিরিক্ত চার্জ কেটে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে দেশের প্রিপেইড বিদ্যুৎ ব্যবহারকারী সাধারণ মানুষের আর্থিক বোঝা কিছুটা কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বুধবার (৩ জুন) সরকারের মিডিয়া সেলের একজন কর্মকর্তার মাধ্যমে এই খবর নিশ্চিত করা হয়। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ফেসবুক পেজে এ বিষয়ে নিশ্চিত করে জানিয়েছে। বিএনপি তাদের পোস্টে উল্লেখ করে, সরকারের ১০০ দিনের উদ্যোগে জনগণের দুর্ভোগ কমানোর জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষ আর্থিকভাবে কিছুটা স্বস্তি পেতে পারেন। এর আগে ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটের জন্য মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজ মিটারে ৪০ টাকা পর্যন্ত দিতে হয়। এই চার্জের সঙ্গে আরও ৫ শতাংশ ভ্যাট যোগ থাকায় দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে প্রিপেইড মিটার ব্যবহারকারীরা তাদের মাসিক বিদ্যুৎ খরচের কিছুটা স্বস্তি পাবেন, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এটি এক গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

