জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মিলে মোট ব্যয় ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এ অর্থের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা।
মঙ্গলবার (৯ জুন) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন প্রদান করা হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৫টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টির মেয়াদ বাড়ানো হয়েছে।
সভায় অনুমোদিত ১০টি প্রকল্প হলো—
– পানি সম্পদ মন্ত্রণালয়: বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়)।
– ভূমি মন্ত্রণালয়: সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ।
– পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ।
– সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়: আনোয়ারা- বাঁশখালী- টইটং- পেকুয়া- বদরখালী- চকরিয়া (ঈদমনি) (আর-১৭০) আঞ্চলিক মহাসড়ক (কালাবিবির দিঘী থেকে ঈদমনি) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ।
– জনপ্রশাসন মন্ত্রণালয়: বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ ও জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও-এ লিফট সংযোজন।
– স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২।
– প্রতিরক্ষা মন্ত্রণালয়: ঢাকা সিএমএইচ-এ ক্যান্সার সেন্টার নির্মাণ (২য় পর্যায়) (১ম সংশোধন)।
– শিক্ষা মন্ত্রণালয় (১): মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (MEMIS) সাপোর্ট (৩য় সংশোধন)।
– শিক্ষা মন্ত্রণালয় (২): দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (৩য় সংশোধন)।
– বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (১ম সংশোধন)।
একনেক সভায় পরিকল্পনামন্ত্রীকে ইতোমধ্যে অনুমোদিত, প্রতি প্রকল্প ব্যয় ৫০ কোটি টাকার কম এমন ৬টি প্রকল্পের বিষয়ে অবহিত করা হয়। সেগুলো হলো—
১) বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (২য় সংশোধন);
২) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যানযন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসন (২য় সংশোধন);
৩) নাগরিক প্রান্তে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ;
৪) ঢাকা সেনানিবাস এমইএস ট্রেনিং সেলের অবকাঠামো সুবিধা সম্প্রসারণ;
৫) এক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ (পেজ-২) প্রকল্প;
৬) পাইকগাছা কৃষি কলেজ স্থাপন, খুলনা (২য় সংশোধন)।
একনেকের এই সিদ্ধান্তগুলো সরকারের বিভিন্ন খাতে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং শিক্ষা ও প্রশাসনিক সুযোগ বৃদ্ধির কাজকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।