আন্তর্জাতিক সংগীতমঞ্চে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল কোরীয় পপ সেনসেশন বিটিএস। আগামী ১৩ জুন তাদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আগে সামাজিক মাধ্যমে ব্যান্ডটি নতুন এক মাইলফলক স্পর্শ করেছে।
বিটিএস বিশ্বের প্রথম এবং একমাত্র ব্যান্ড হিসেবে একই সময়ে চারটি বড় ডিজিটাল প্ল্যাটফর্মে ৮০ মিলিয়ন (৮ কোটি) বেশিই ফলোয়ার সংগ্রহ করেছে। অফিশিয়াল স্পটিফাই অ্যাকাউন্টে তাদের ফলোয়ার ৮৬.২ মিলিয়ন, ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা ৮৪.৬ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ইনস্টাগ্রামে তাদের আনুষ্ঠানিক ফলোয়ার ৮০.৩ মিলিয়ন এবং টিকটকেও অফিসিয়াল অ্যাকাউন্টে ৮০ মিলিয়ন সংখ্যাটি স্পর্শ করেছে।
এই সাফল্যে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ‘২০২৬ বিটিএস ফেস্টা’কে কেন্দ্র করে বিশ্বজুড়ে আয়োজন শুরু হওয়ার মধ্যে এমন খবর ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি ব্যান্ডের সদস্যরা একে একে সামরিক সেবা শেষ করে আবারও একত্রিত হচ্ছেন—এটিই বড় কোন ঘোষণার ইঙ্গিত, তা ভক্তরাও ধারণা করেই চলেছেন।
উল্লেখ্য, গত ৪ জুন সাতজন সদস্য—আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জংকুক—একটি বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি ফটো’ প্রকাশ করে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেছেন। এই ছবি ও সাম্প্রতিক মাইলফলক মিলিয়ে ভক্তদের মধ্যে নতুন করে আশা ও আগ্রহ তৈরি হয়েছে—আগামি দিনে ব্যান্ড থেকে কেমন বড় ধামাকা আসছে, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।

