সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশে বর্তমানে মোটরসাইকেল নিবন্ধনের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। তিনি এই তথ্য দেন সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ সিদ্দিকীর লিখিত প্রশ্নের জবাবে।
প্রশ্নোত্তর পর্বটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে টেবিলে উপস্থাপন হয়। সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রশ্নে জানতে চান দেশে বৈধ মোটরসাইকেলের সঠিক সংখ্যা কী এবং অবৈধভাবে চলমান মোটরসাইকেলগুলো বৈধ করার কোনো পরিকল্পনা আছে কি না।
জবাবে মন্ত্রী বলেন, বিআরটিএ ইনফরমেশন সিস্টেমের হিসাব অনুযায়ী সারাদেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। এছাড়া, সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মোটরসাইকেল চলাচল বন্ধ করতে নিয়মিত অভিযান চলছে।
অবৈধ মোটরসাইকেলকে বৈধ করার প্রক্রিয়া সম্পর্কেও মন্ত্রী জানান, যারা এখনও বিআরটিএ থেকে নিবন্ধন করাননি, তারা প্রযোজ্য কাগজপত্রসহ যথাযথ প্রক্রিয়া মেনে আবেদন করলে বিআরটিএ তাদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বৈধতা দেবে।
