স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিশ্চিত করেছেন যে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলার পাশাপাশি প্রয়োজনীয় সব কাগজপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দ্রুতই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অবদানের জন্য কর্মীদের পুরস্কৃত অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, তার (বেনজীর) বিরুদ্ধে থাকা মামলাসমূহ এবং প্রয়োজনীয় কাগজপত্র সেই দেশে পাঠানো হয়েছে, অচিরেই সরকার সব প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দেশে ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেন।
এসময় তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধমূলক কার্যকলাপ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন। মোহাম্মদপুর এলাকা দীর্ঘদিন ধরে অপরাধী চক্রের আশ্রয়স্থল হিসেবে পরিচিত, তবে সেখানে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার তার পূর্ববর্তী সরকারের তুলনায় অনেক দ্রুত এবং কার্যকরীভাবে কাজ করছে। এরই মধ্যে তাদের চেষ্টা ও অঙ্গীকারের কাজ দৃশ্যমান। নির্বাচনের পর থেকে পুলিশ সদস্যরা অধিক দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং তাদের প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃতও করা হচ্ছে।
আওয়ামী লীগ প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ তাদের কাছে একটি রাজনৈতিক দল না, বরং একটি মাফিয়া দল। তাদের কার্যক্রম অবৈধভাবে পরিচালিত হচ্ছে এবং এই অবস্থান অব্যাহত থাকবে। আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

