ইসলাম ধর্ম এবং নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ ও বিদ্রূপাত্মক লেখা প্রকাশের অভিযোগে ‘অধার্মিক’ নামক একটি অনলাইন ম্যাগাজিনের সম্পাদক ও ১১ জন লেখকের বিরুদ্ধে রাজধানীর সিএমএম ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ম অবমাননার মামলা দায়ের হয়েছে।
গতকাল মঙ্গলবার হেফাজতে ইসলামের কর্মী জিল্লুর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৮৭৫/২৫। এই মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ২৯৫ ও ২৯৫(ক) ধারায় ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে।
আসামীদের মধ্যে রয়েছেন ম্যাগাজিনের সম্পাদক এমডি সাইফুর রহমান, ইশতিয়াক আহমেদ, জেসিকা রাখি গোমেজ, নিলুফার হক, আরিফুল ইসলাম, দৃষ্টি দে, ভেরোনিকা গোমেজ, জয় বিশ্বাস, নাফিউর রেজওয়ান, নীলা ইসরাফিল, সুব্রত শুভ ও সোহান কবির সানি।
মামলার দরখাস্তে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে উক্ত ম্যাগাজিন ইসলাম ধর্ম, মহানবী (সা.) এবং আলেম-ওলামাদের নিয়ে ব্যঙ্গাত্মক ও আপত্তিকর সামগ্রী প্রকাশ করে আসছে, যা দেশে নাস্তিক্যবাদের প্রসার ঘটাচ্ছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হানছে।
বাদী জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, “এই ধর্মদ্রোহীরা আমাদের দেশ ও ইসলামের প্রকাশ্য শত্রু। তারা সুপরিকল্পিতভাবে সংগঠিত হয়ে ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সংগঠন থেকে বারবার প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং একাধিক প্রতিবাদ কর্মসূচিও পালন করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আমি বাধ্য হয়ে আইনি পথে যেতে বাধ্য হয়েছি।”
হেফাজতের আরেক কর্মী মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “এই নাস্তিক লেখকরা সমাজের জন্য বিষফোঁড়া। এদের কারণে আমাদের সমাজে অশান্তি ছড়াচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, তারা দেশে অস্থিরতা সৃষ্টি করে ধর্মপ্রাণ মুসলমানদের বিপথগামী করে নাস্তিক্যবাদে দীক্ষিত করার জন্যই এসব কার্যক্রম চালাচ্ছে। কিন্তু মনে রাখা উচিত, বাংলাদেশে শতকরা ৯২ ভাগ মুসলমান। এই পবিত্র ভূমিতে নাস্তিকদের কোনো স্থান নেই।”
আদালত সূত্রে জানা যায়, ‘অধার্মিক’ ম্যাগাজিনের বিরুদ্ধে এর আগেও একাধিকবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উত্থাপিত হয়েছে এবং এ ম্যাগাজিনের বিরুদ্ধে একাধিক ধর্ম অবমাননার একাধিক মামলা চলমান রয়েছে। হেফাজতে ইসলাম দীর্ঘদিন ধরে এই ম্যাগাজিনসহ নাস্তিক্যবাদ প্রচারকারী সকল প্রকাশনা নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

