আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) এর লেনদেনে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই নির্দেশনা সোমবার মধ্যরাত ১২টা থেকে কার্যকর হয়ে ১২ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ পর্যন্ত বহাল থাকবে। এই সময়টিতে টানা ৯৬ ঘণ্টা এমএফএসের গুরুত্বপূর্ণ কিছু সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
নির্বাচনের সময় অর্থের অপব্যবহার ও প্রভাব রোধে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের আওতায় ক্যাশ-ইন ও ক্যাশ-আউট অপশন পুরোপুরি বন্ধ করা হয়েছে। এর ফলে গ্রাহকরা এজেন্ট পয়েন্ট থেকে টাকা জমা দিতে বা নগদ উত্তোলন করতে পারবেন না। বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য এমএফএস অ্যাপের এই সেবাগুলিও নিষ্ক্রিয় থাকবে।
এক্ষেত্রে জরুরি প্রয়োজন হলে গ্রাহকরা ‘সেন্ড মানি’ করতে পারবেন, তবে কঠোর সীমাবদ্ধতা নিয়েও। এক লেনদেনে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে এবং দিনে সর্বোচ্চ ১০ বার মানি ট্রান্সফার করা সম্ভব, অর্থাৎ দিনে ১০ হাজার টাকার বেশি সেন্ড মানি করা যাবে না।
বিষয়টিকে সহজ করতে মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল (বিদ্যুৎ, গ্যাস, জল) ইউজাররা স্বাভাবিকভাবেই পেমেন্ট করতে পারবেন। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি এবং অন্যান্য জরুরি সরকারি ফি-পরিশোধের ক্ষেত্রে কোনো বাধা নেই, এগুলো অব্যাহত থাকবে।
কেন এই বিধিনিষেধ? সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকালে আর্থিক কাজের মাধ্যমে ভোট কেনাবেচা বা অন্য কোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য কেন্দ্রীয় ব্যাংক এই কঠোর নিয়ম চালু করেছে। তবে ১২ ফেব্রুয়ারি মধ্যরাতের পর সব ধরনের এমএফএস সেবা আবার স্বাভাবিকভাবে চালু হবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য এমএফএস প্রতিষ্ঠানগুলো দুঃখ প্রকাশ করেছে এবং সরকারি নির্দেশনা মানার জন্য আহ্বান জানিয়েছে।