বসন্তের আগমন সাথে সাথে শীত বিদায় নিতে শুরু করেছে। দিনের বেলা কিছুটা গরম অনুভূত হলেও রাতের সময় তাপমাত্রা কম থাকে এবং শেষ রাতে কিছুটা ঠাণ্ডাও পড়ে। তবে এই শীতল অবস্থা আর বেশিদিন থাকছে না। ফেব্রুয়ারির শেষে চলে গেছে এবং মার্চের প্রথম থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে, আবহাওয়া অফিসের পূর্বাভাসের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১ মার্চ থেকে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। মার্চের প্রথম সপ্তাহে রাতের তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও ক্রমান্বয়ে তাপমাত্রা আরও বাড়বে বলেও জানানো হয়েছে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। গতকাল সন্দ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। মার্চের শুরু থেকেই গরমের অনুভূতি আরও বাড়বে। বর্তমানে বসন্তের মৌসুমে রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, মার্চের শেষার্ধে সম্ভবত গরম আরও জোড়ে বসবে। চলতি মাসের শুরুর দিকে সিলেট বিভাগের কিছু কিছু জেলায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার আগাম বার্তায় বলা হয়েছে, আজ দেশের বেশিরভাগ অংশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

