এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সব ধরনের পর্যালোচনা শেষে এই সিদ্ধান্তে পৌঁছেছে। আজ বিকেলে ৩টা ১০ মিনিটে উনাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এর আগে সকালে উনার সিটি স্ক্যান করা হয়েছিল, এর রিপোর্টে তার অবস্থার অবনতি দেখা যায়। দ্রুত এই বিষয়ে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে, যেখানে সব দিক বিচারে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।
মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলাম।এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরাও এই বোর্ডে ছিলেন।
এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে এসে উনার খোঁজ নেন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়।
মির্জা আব্বাসের দ্রুত সুস্থ হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রফিকুল ইসলাম। উল্লেখ্য, গত বুধবার ইফতারির সময় অসুস্থ হয়ে চেতনাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে, তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

