ঢাকা-৮ আসনে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। বিভিন্ন মন্তব্য ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে তাঁর জনপ্রিয়তা ও সমালোচনা দুটোই বাড়িয়েছে।
আজ সকালে একটি পোস্টে তিনি জানিয়েছেন, কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কারো মন কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘‘গত কয়েক দিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি এবং প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে কিছু আন্তরিক আলোচনা হয়েছে। সবার কাছ থেকেই কিছু মূল্যবান পরামর্শ পেয়েছি—ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় গুরুত্ব দেওয়া।’’
নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, তিনি সেই পরামর্শগুলো বিনয়ের সঙ্গে গ্রহণ করছেন এবং এখন থেকে আরও শান্ত, দায়িত্বশীলভাবে কাজ চালানোর চেষ্টা করবেন। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান তিনি।
তিনি আবারও বলেছেন, ‘‘আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শই আমার পথচলার শক্তি।’’
পাটওয়ারী জানিয়েছেন, গতকাল ধানমন্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল করে তিনি এই আত্মিক যাত্রার নীরব সূচনা করেছেন এবং আল্লাহর কাছে সবাইকে ক্ষমা ও সঠিক পথে পরিচালনা করার দোয়া চান।

