দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শনিবার বিভিন্ন বৈঠকের পর সংগঠনটি বিকেল ৪টা থেকে নতুন মূল্য কার্যকর ঘোষণা করেছে।
বাজুস জানিয়েছে, সকাল ১০টায় এক জরুরি বৈঠক এবং পরে বিকেল ৩টা ৪৫ মিনিটে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সোনার দাম দেশের জুয়েলারি বাজারে বাড়ানো হয়েছে এবং নতুন মূল্য প্রত্যেক প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, যা সকালে ছিল ২ লাখ ৩৬ হাজার ৯০৬ টাকা — অর্থাৎ প্রতিভর মূল্য বেড়েছে ৪,৫৩৯ টাকা। ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি নির্ধারিত হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২৬ টাকা। ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম এখন ১ লাখ ৯৭ হাজার ৫২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার দাম যদিও আজ সকালে এক দফায় পরিবর্তিত হয়েছিল, তবে এই দফায় বাজুস রুপার দাম অপরিবর্তিত রেখেছে। বর্তমান তালিকা অনুযায়ী ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেট রুপা ৫ হাজার ১২৯ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা।
বাজুস উল্লেখ করেছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নতুন এই দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে প্রযোজ্য থাকবে। ক্রেতাদের থেকে নির্ধারিত মূল্যের পাশাপাশি সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাটও আদায় করা হবে।

