জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণরায়কে উপেক্ষা করে যদি সরকার এগিয়ে যেতে চায়, তাহলে জনগণ তা মেনে নেবে না। তিনি আরও বলেন, গণরায়ের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিলে ইতিহাসের ধারাবাহিকতায় জনগণই তাদের প্রত্যাখ্যান করবে। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শাহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে বহু শক্তিশালী সরকার এসেছে, যাদের ক্ষমতা মহাপরাক্রমশালী ছিল, কিন্তু তারা কখনই গণরায়ের বিরোধিতা করেনি। যারা গণরায়কে উপেক্ষা করে নিজেদের এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তারা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে।
আসিফ মাহমুদ বলেন, ১৯৭০ সালের নির্বাচনে গণরায়ের মাধ্যমে জনগণ ভোট দিয়েছিল, কিন্তু ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানানো হয়েছিল। তা থেকেই ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষপট তৈরি হয়। একইভাবে, ১৯৯০ সালে স্বৈৰাচার বিরোধী গণঅভ্যুত্থানে পরিবর্তন আসে। দীর্ঘ ১৭ বছর ধরে দমন-পীড়নের পরও গণরায়ের বিপক্ষে শাসন কায়েমের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং জনগণের আন্দোলনের মুখে পড়ে।
সরকারের এই উপদেষ্টা আরও বলেন, যদি এখনো গণরায় বা গণভোটের সিদ্ধান্তকে অস্বীকার করে সরকার এগিয়ে যেতে চায়, তাহলে জনগণ তা মেনে নেবে না। তিনি বলেন, গণভোটে বিপুল সংখ্যক মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছিল; সেই ভোটাধিকার বাস্তবায়নে সরকারকে দায়িত্বশীল হতে হবে। শুরু থেকেই শহীদ পরিবার, বাবা-মা ও আহত মুক্তিযোদ্ধারা স্বপ্ন দেখেছেন একটি নতুন দেশের, ভবিষ্যত গড়ার। এই স্বপ্নের বাস্তবায়ন না হলে, ৭০ শতাংশ মানুষ যারা গণভোটে ‘হ্যাঁ’ বলেছিলেন, তারা রাস্তায় নামতে দ্বিধা করবে না।
আসিফ মাহমুদ শেষ করে বলেন, সবাই একত্রিত হয়ে সুন্দর এক বাংলাদেশ গড়তে এগিয়ে আসা জরুরি। যদি কেউ জনগণের বিপক্ষে যায়, তাহলে আবারো জাতীয় স্বাধিকার রক্ষার জন্য রাস্তায় নামতে হবে।

