সব ধরনের বিভাজন ও বিদ্বেষের ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করে দিয়েছেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টি করার পরিকল্পনা করছে, যা কঠোরভাবে রুখে দিতে হবে।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আমাদের উচিত এই বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সমাজ থেকে ঘৃণা শব্দটিকে চিরতরে বিদায় করা। আমাদের পথচলা যেন শুধু প্রেম ও সৌহার্দ্য দ্বারা চলতে থাকে।’’
তিনি আরও বলেন, বাংলাদেশ হল এমন এক দেশ যেখানে সব ধর্মের মানুষ একসাথে বাস করে। এই দেশ ইসলাম, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য এক সৌহার্দ্যপূর্ণ মিলন ক্ষেত্র। এই ভূখণ্ডের ইতিহাসে দেখা যায়, সব ধর্মের মানুষেরা একসঙ্গে মিলেমিশে বসবাস করে এসেছে, যা এই দেশের অসাম্প্রদায়িক চেতনার প্রমান।
স্থানীয় সরকারমন্ত্রী মন্তব্য করেন, একসময় ধর্মের ভিত্তিতে সমাজে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু সেই সময়ের মত এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপচেষ্টাকে প্রতিহত করতে হবে।
খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘‘আপনাদের সহায়তা ও সহযোগিতায় আমরা ভবিষ্যতে একটি সমৃদ্ধ সরকার গঠন করতে চাই। আমাদের সামনে অনেক কাজ রয়েছে, যত দ্রুত সম্ভব তা সম্পন্ন করতে সবাইকে একত্রে কাজ করতে হবে।’’

