বাগেরহাটের রামপাল উপজেলার আদাঘাট এলাকায় জমির বিরোধের জেরে এক ব্যক্তির উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন মোঃ রাজু হাওলাদার (৩২)। অভিযোগের সূত্রে জানা যায়, গত বুধবার (৮ এপ্রিল) রাজু হাওলাদের স্ত্রী সনিয়া বেগমের সাথে একই এলাকার আব্দুল হালিম শেখ ও তার পরিবারের সদস্যদের মধ্যে জমি সংক্রান্ত একটি বিবাদ শুরু হয়। এই বিরোধের জের ধরে, শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে আদাঘাট সাইদের দোকানের সামনে রেহেনা বেগমের বসতবাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী রেহেনা বেগম অভিযোগ করেন, অভিযুক্ত আব্দুল হালিম শেখ, তার ছেলে রবিউল শেখ ও আরও কয়েকজন লাঠি, লোহার রড, দা ও চাইনিজ কুড়াল সংগ্রহ করে এসে তার ছেলেকে এলোপাতাড়ি কোপায় এবং পিটিয়ে গুরুতর জখম করে। আহত রাজুর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে।
স্থানীয়রা জানায়, আহতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত রাজুকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রেহেনা বেগম রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

