পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশজুড়ে খেলাধুলার প্রসারে সরকার ইতিমধ্যে বিভিন্ন মাঠ পুনরুজ্জীবিত করছে। এর অংশ হিসেবে, দেশের ১০টি জেলায় নতুন ক্রীড়া পল্লী নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে মোংলা-খুলনা মহাসড়কের পাশেই নির্মিত হবে, যাতে ওই এলাকার ছেলেমেয়েরা খেলাধুলায় নিজেদের নিবেদিত করতে পারে। এই উদ্যোগের মাধ্যমে তারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করে সুনাম অর্জন করতে সক্ষম হবে। শনিবার বিকেলে মোংলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন বালুর মাঠ ক্রিকেট গ্রাউন্ডে ৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের নতুন স্লোগান হলো “খেলা হোক পেশা, পরিবার পাক ভরসা।” আমি আশাবাদী, খেলাধুলার প্রসার ঘটলে মোংলা মাদকমুক্ত ও অপরাধমুক্ত হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প কিছুই নয়। মোংলার তরুণ প্রজন্মকে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান অতিথি। এই টুর্নামেন্টটি মরহুম হাজী কাওসার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সকল প্রস্ততি ও নিরাপত্তা ব্যবস্থা সফলভাবে গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানটির উদ্বোধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, হাজী কাওসার ফাউন্ডেশনের পরিচালক হুমায়ন কবির, ক্রীড়াবিদ মোঃ খলিলুর রহমান, খেলার পরিচালনা কমিটির উপদেষ্টা মোঃ সুমন মল্লিকসহ স্থানীয় নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও হাজারো ক্রীড়ামোদী দর্শক। উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে খেলার সূচনা করা হয়। আয়োজক কমিটি জানায়, এই টুর্নামেন্টে মোট ৬টি শক্তিশালী দল অংশ নিচ্ছে, যেখানে তরুণদের মধ্যে ক্রিকেটের উন্মাদনা অনুপ্রাণিত করা এবং স্থানীয় প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য রয়েছে। মাঠের চারপাশে নারী-পুরুষ ও শিশুদের সমাগমে এক নতুন জানালা খুলে গেছে এই আয়োজন।