শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে, যেখানে হ্যাকাররা প্রায় ২৫ লাখ মার্কিন ডলার চুরি করেছে। এই অর্থ বাংলায় পরিমাণে প্রায় ৩০ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ২৫০ টাকার মতো। সরকারের দাবি, এটি দেশটির কোনও সরকারি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির ঘটনা।
বৃহস্পতিবার রাজধানী কলম্বোতে এক ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরিয়াপ্পেরুমা জানিয়েছেন, চুরি হওয়া অর্থ অস্ট্রেলিয়াকে ঋণ পরিশোধের জন্য পাঠানোর পরিকল্পনা ছিল। এএফপির বরাতে জিওটিভি নিউজের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।
তদন্তে জানা গেছে, মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে অনুপ্রবেশের চেষ্টা শনাক্তের পর বিষয়টি ধরা পড়ে। পরে নিশ্চিত হয়, নির্ধারিত অর্থ গায়েব হয়ে গেছে।
ঘটনার পর পলিসি অনুযায়ী, পাবলিক ঋণ ম্যানেজমেন্ট অফিসের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে, পাশাপাশি বিদেশি সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে।
শ্রীলঙ্কা বর্তমানে বড় অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টা করছে। ২০২২ সালে প্রায় ৪৬ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণের খেলাপি হওয়ার পর দেশটি মারাত্মক অর্থনৈতিক চাপে পড়ে যায়। এরপর আন্তর্জাতিক সহায়তায় অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়।
এদিকে, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ম্যাথিউ ডাকওয়ার্থ জানিয়েছেন, তারা এই ঘটনাটি অবগত এবং শ্রীলঙ্কাকে এই ব্যাপারে তদন্তে সহযোগিতা করছে।