জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কারের ইস্যুতে সরকার টালবাহানা করছে। শনিবার (৯ মে) সকালে ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার এই বিষয়টি এড়িয়ে যেতে চায়। কিন্তু সাংবিধানিক সংস্কার হবে জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে—এটাই প্রয়োজন।
তিনি জানান, গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে একটি ‘সাংবিধানিক সংস্কার কাউন্সিল’ গঠন করা উচিত। সেই কাউন্সিল প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে জনগণের রায়কে সম্মান জানাতে হবে, দাবি তার।
বিএনপির ওপর তীব্র সমালোচনা করে নাহিদ বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচার চালিয়েছিলেন; কিন্তু ক্ষমতায় এসে তারা এখন সেই প্রস্তাবের বিরোধিতা করছেন। এভাবে মূলত জনগণের আকাঙ্ক্ষাকেই প্রত্যাখ্যান করা হচ্ছে, অভিযোগ তার।
তিনি আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন। নাহিদ বলেন, ‘‘গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরে আলোচনা চলবে, পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচিও নেয়া হবে। যদি সরকার ইতিবাচক সাড়া না দেয়, তবে কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করা হবে।’’

