আড়াই মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের পদ পুনর্বহাল করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তার প্রতি আরোপিত পদমর্যাদা অব্যাহতি প্রত্যাহার করা হলো। ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধ রইল না।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রীয় সিদ্ধান্তটি ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কর্তৃক অনুমোদিত হয়েছে।
প্রসঙ্গত, হামিমকে চলতি বছরের ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এর আগে ২৭ ফেব্রুয়ারি তাকে কেন্দ্রীয় ছাত্রদল শোকজ করেছিল। শোকজের পর প্রকাশিত একটি ভিডিও বার্তায় হামিম জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ইফতার মাহফিলের আয়োজনের ঘটনাকে কেন্দ্র করে তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
পদের পুনর্বহালে এখন থেকে তিনি ছাত্রদলের কার্যক্রমে অংশ নিতে পারবেন এবং সংগঠনের কাজ চালিয়ে যেতে সুযোগ পেয়েছেন।