হাইকোর্ট রিট খারিজ করে দেওয়ার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনে এখন কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রিটটি তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে দায়ের করা হয়েছিল।
বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের এক হাইকোর্ট বেঞ্চ ওই রিট খারিজের আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
রিটটি গত মঙ্গলবার কয়েকজন কাউন্সিলর তফসিল ঘোষণার সময় ও প্রকাশিত খসড়া ভোটার তালিকাকে কেন্দ্র করে হাইকোর্টে দায়ের করেছিলেন। তবে বেঞ্চ রিটটি খারিজ করার কারণে নির্বাচন পরিবেশে কোনো বাধা থাকবে না, বলে মন্তব্য করেছেন আইনজীবীরা।
গত ১৬ মে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন–২০২৬-এর তফসিল ঘোষণা করে। তফসিলে বলা হয়েছে ৭ জুন পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। পরদিন (১৭ মে) বিকাল চারটায় নির্বাচন কমিশন নির্বাচন উপলক্ষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে।
নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুই জন পরিচালক মনোনয়নপ্রাপ্ত হবেন, মোট ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।
বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের দায়িত্বে থাকা তিন সদস্যের নির্বাচন কমিশনের নেতৃত্বে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের অন্যান্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।