সরকার আগামী দুই বছরের মধ্যে দেশের ৯০ শতাংশ জনগোষ্ঠীর কাছে ফাইভ-জি (৫জি) সেবা পৌঁছে দেওয়ার উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সব মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। তিনি জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় বলেন, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম চলছে।
অর্থমন্ত্রী আরও জানান, সরকারের প্রথম ১০০ দিনের মধ্যে দেশের সব বিমানবন্দর, সাতটি রেলওয়ে স্টেশন এবং আন্তঃনগর ট্রেনে বিশ্বমানের উচ্চগতির বিনামূল্যের ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে এবং এর সুফল জনগণ উপভোগ করতে শুরু করেছে। গত চার মাসে দেশে ৪১ লাখ নতুন ৪জি মোবাইল সংযোগ এবং চার লাখ উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ যুক্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি শহর ও গ্রাম উভয় অঞ্চলে ব্রডব্যান্ড গতিবেগ ১০০ এমবিপিএস থেকে এক জিবিপিএস পর্যন্ত নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।