নিজেকে একসময় সাংবাদিক হিসেবে অভিহিত করে এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আমি ভবিষ্যতেও সাংবাদিকতা অব্যাহত রাখতে চাই। রিপোর্টিংয়ের মূল লক্ষ্য হলো সত্যতা নিশ্চিত করে জনগণের কাছে সত্য তথ্য পৌঁছে দেওয়া। তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থা আদালতের মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু মিডিয়ার নামে কোনো কারণে যদি বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ বা হট্টগোল সৃষ্টি হয় (যা সেন্সরশিপ বা মিডিয়া ট্রায়াল নামে পরিচিত), তাহলে এতে সবাইকে সতর্ক থাকতে হবে। শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যাটর্নি জেনারেল আরও বলেন, সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্য ছড়ানো রোধে প্রকৃত সত্য তথ্য উপস্থাপন গুরুত্বপূর্ণ। মূলধারার মিডিয়া যেন এই দায়িত্বটি পালন করে। তিনি আশা প্রকাশ করেন, এই মাধ্যমে সত্যের প্রতিনিধিত্ব করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের নতুন সরকার গঠন হয়েছে। আমি প্রায় তিন মাস ধরে এ পদে আছি, কিন্তু এখন পর্যন্ত কোন রাজনৈতিক চাপ, বা ব্যক্তিগত বা রাষ্ট্রের বিচার ব্যবস্থায় অপপ্রয়াসের জন্য কেউ অভিযোগ করেনি। এতে বোঝা যায়, বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়।
