মালয়েশিয়া সফর শেষ করে সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যায় চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর দলে লোকবল নিয়ে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রার মাধ্যমে হোটেল শাংগ্রি-লা’তে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি দুই দিন অবস্থান করবেন।
এর আগে তিনি মালয়েশিয়ার সময় বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশে রওনা দেন।
দালিয়ানে দুই দিনের কর্মব্যস্ত সময় কাটানোর পর প্রধানমন্ত্রী বেইজিংয়ে চলে যাবেন, সেখানে তার সরকারি সফরের প্রধান কর্মসূচি শুরু হবে। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’ বার্ষিক সভায় (২০২৬ সামার দাভোস ফোরাম) অংশগ্রহণ করবেন।
চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ‘সোনালি ৫০ বছর’ পূর্তির প্রেক্ষাপটে কর্মকর্তারা ওই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। তারা বলেন, এই সফর অতীতের অর্জন ধরে রাখার পাশাপাশি দুইপক্ষের ভবিষ্যৎ সম্পর্কের পথরেখা নির্ধারণে ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ফিরবেন আগামী ২৬ জুন। গত ১৭ ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।
ওই সফরের দিনই তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেন এবং দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে একটি সমঝোতা স্মারক (এমওইউ) ও আরও দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।
