জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তৈরি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার এক সাহসী ও দৃঢ় পরিকল্পনা। এই বাজেটটি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সভাপতিত্ব করেন।
হুইপ বলেন, এই বাজেটকে তিনি ‘চ্যালেঞ্জিং’ হিসেবে উল্লেখ করেছেন। সংসদে বাজেট নিয়ে নানা ধরণের আলোচনা ও সমালোচনা হয়েছে, কেউ এটিকে উচ্চাভিলাষী বলে মনে করেছেন, আবার কারো কারো মধ্যে বাস্তবায়ন সম্পর্কে শঙ্কা রয়েছে। তবুও, তিনি আশ্বাস দেন যে সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে এই বাজেট সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে রকিবুল ইসলাম বকুল বলেন, দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই সরকার জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা হয়েছে এবং দরিদ্র নারীদের স্বনির্ভর করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির মতো প্রকল্পগুলো দেশের মানুষের মধ্যে নতুন আশা জাগিয়েছে।
নিজ নির্বাচনি এলাকা খুলনা-৩ এর উন্নয়নের দাবি জানিয়ে তিনি বলেন, খালিশপুর-দৌলতপুর ও খানজাহান আলী শিল্পাঞ্চলের নিউজপ্রিন্ট মিল, জুট মিল, হার্ডবোর্ড মিলসহ বহু শিল্পপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এসব মিল পুনরায় চালু করা বা সেখানে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে ২০ থেকে ২৫ হাজার বেকার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করতে তিনি আহ্বান জানান।
এছাড়া, খুলনা-৩ আসনের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগের কথা উল্লেখ করে হুইপ বলেন, প্রায় ১০ লাখ মানুষের বসবাস থাকা সত্ত্বেও এই এলাকায় একটি পূর্ণাঙ্গ হাসপাতালের অভাব রয়েছে। তিনি দ্রুত খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন, একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও মহিলা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা, পাশাপাশি বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার দাবি জানান।
