চলতি বছর থেকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের ওপর ইরানি সাইবার হামলার ঘটনা মারাত্মকভাবে বাড়ছে। সোমবার (২৯ জুন) রয়টার্স এ তথ্য জানায়।
ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের পরিচালক জেনারেল ইয়োসি কারাদি জার্মান দৈনিক ‘ডাই ওয়েল্ট’‑কে বলেন, ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে অভিযানের সময় তাদের নজরে আনুমানিক ১,৬০০টি বৈরী সাইবার ঘটনা আসে। তবে ২০২৬ সালের একই মাসে সেই সংখ্যা লাফিয়ে বেড়ে প্রায় ৪,৮০০‑এ দাঁড়িয়েছে।
কারাদি জোর দিয়ে বলেন, কিছু গ্রুপ বা সংগঠন সাইবার আক্রমণে অত্যন্ত দক্ষ। ‘‘আমরা তাদের মোকাবিলা করতে পারি, কিন্তু বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সার্বক্ষণিক দেখা দরকার। প্রচলিত যুদ্ধক্ষেত্রের মতো সাইবার জগতে কোনো রকম যুদ্ধবিরতি বা বিশ্রাম নেই।’’
তিনি জানান, এই হামলাগুলো মূলত দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেন্দ্রীয় সরকারি সংস্থা, ছোট ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকদের ব্যবহৃত সিস্টেমগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে। বিশেষ করে ছোট প্রতিষ্ঠানের মধ্যে আইনি পরামর্শক ফার্ম ও অ্যাকাউন্টিং ফার্মগুলো বেশি আক্রান্ত হয়েছে।
কারাদি বলেন, এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর পরিচালিত সাইবার হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন পরিস্থিতি এভাবেই বজায় থাকবে। তবে যেসব প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা দুর্বল ছিল, সেগুলোর কিছুর কম্পিউটার সিস্টেম থেকে ডেটা পুরোপুরি মুছে ফেলা হয়েছে।
ইরান সাধারণত অন্য দেশের বিরুদ্ধে সাইবার আক্রমণের অভিযোগ প্রত্যাখ্যান করে; একই সঙ্গে তারা অনেক সময় নিজেদের ওপর সাইবার হামলার ঘটনা রিপোর্ট করে।
সূত্র: রয়টার্স