খুলনা: খুলনা জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা হওয়ার মাত্র পনেরো ঘণ্টা না পেরোতেই জেলা আহবায়ক ফিরোজ আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহবায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বুধবার (১৩ মে) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ফিরোজ আহমেদকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখতে অবিলম্বে আবু জাফরকে ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই সময়ে পৃথক পত্রে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই দু’টি কমিটি অনুমোদন দেন।
ঘোষিত মহানগর কমিটিতে তাজিম বিশ্বাসকে আহবায়ক, আরিফুর রহমান আরিফকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করে ৪৩ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত হয়।
তেমনি জেলা কমিটিতে ফিরোজ আহমেদকে আহবায়ক, আবু জাফরকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও খান ইসমাইল হোসেনকে সদস্য সচিব করে ৩০ সদস্যবিশিষ্ট জেলা আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছিল। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরে ফিরোজকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আবু জাফরকে দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

