জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই দিবসটি ঘিরে যেন কোনও উগ্রবাদী সংগঠন, নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী বা দেশবিরোধী চক্র অপরাধ বা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা না করে, সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব নিরাপত্তা জোরদার করেছে। বুধবার একটি গণবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১৬ জুলাই শহীদ দিবসের স্মরণসভা ও বিভিন্ন কর্মসূচির নিরাপত্তার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সার্বিক ঝুঁকি মূল্যায়ন করে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় চালিয়ে যাচ্ছে। কড়া নজরদারি ও সতর্কতার মাধ্যমে সম্ভাব্য নাশকতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ চলছে। ইতোমধ্যে, ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এলাকায় র্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করছে এবং পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা দল নিরবচ্ছিন্ন নজরদারি চালিয়ে যাচ্ছে। বর্তমানে সন্দেহভাজন ব্যক্তির তথ্য সংগ্রহ ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিষয়ে তৎপরতা বেড়েছে।
অনুষ্ঠানস্থল ও স্মৃতিস্তম্ভগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের টহল কার্যক্রম দৃশ্যমান ও সক্রিয় রয়েছে। একই সঙ্গে, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন চেকপোস্ট স্থাপন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ও স্মৃতিসৌধগুলোতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের তৎপরতা চলছে, যাতে যেকোনো উদ্ভ‚ত পরিস্থিতি মোকাবিলা করা যায়। এসব ইউনিট পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে। যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি দেখা যায়, তবে সাধারণ জনগণকে দ্রুত র্যাবের টহল ইনচার্জ বা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জানাতে অনুরোধ জানিয়েছে।

